মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে : ভূমিমন্ত্রী

‘শুধু মাদক বহনকারীদের ধরলে হবে না, যারা এই মাদকের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদকের কারবারের জড়িত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘এই মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার করা হয়। সীমান্ত লাগোয়া মাদক কারবারিরা এই মাদকের ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যাদের এক সময় কিছুই ছিল না তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু মাদক বহনকারীদের ধরলে হবে না, যারা এই মাদকের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদকের কারবারের জড়িত না হতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চোখের সামনেই অনেক পরিবারকে হারিয়ে যেতে দেখেছি। যাদেরকে মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছিল। এই মাদক শুধু আইনের মাধ্যমে কমানো সম্ভব নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সামাজিকভাবেও এই মাদক কারবারিদের বয়কট করতে হবে।’

উপস্থিত মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, ‘আপনারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক কারবারিদের ঠাই হবে না।’

উপস্থিত অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এক সময় আমরা দেখেছি, এসিড নিক্ষেপ করে অনেকের জীবন শেষ করে দেয়া হয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসিড দূর হয়েছে। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদকও সমাজ থেকে দূর হবে। আমাদের মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।