স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতারের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাকিনা কাচারি বাজার মোড়ে এ কর্মসূচি শুরু হয়।
কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মানুষ এতে অংশ নেন। দুপুর ১টার দিকে পুলিশের আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার ইউসুফ আলী (৪৫) গত ২০ আগস্ট অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক।
আন্দোলনকারীদের দাবি, ঘটনার পর ভুক্তভোগীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২১ আগস্ট থানায় মামলা করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধ চলাকালে ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘প্রশাসনের জবাবদিহিতা চাই’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় লালমনিরহাট-বুড়িমারী সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
ওসি আবু সিদ্দিক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’



