মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় মিরসরাইয়ে আনন্দ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বড়তাকিয়া বাজার এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ঐদিন মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমনের সভাপতিত্বে ও সমন্বয়ক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন—বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক উজ্জামান চেয়ারম্যান, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
এ সময় মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: রফিকুল ইসলাম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।



