কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের ধাক্কায় আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্বাধীন পরিবহন নামে ঢাকাগামী একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদরাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে আব্দুল হামিদ চৌধুরী মোটরসাইকেল চালিয়ে পার্শ্বরাস্তা থেকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ওঠার সময় স্বাধীন পরিবহন নামে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এ ঘটনায় তার এক পা থেঁতলে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়। এসময় সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি বলেন, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটিতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দিয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।



