গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে হেলিম মীর রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
পাগলা থানা, ময়মনসিংহ
পাগলা থানা, ময়মনসিংহ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে আট বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ হেলিম মীর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর মা পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তিনি অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে হেলিম মীর রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে স্থানীয় একটি মহল সালিশ-দরবারের নামে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং সময়ক্ষেপণ করে। এই সুযোগে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়।

এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি পলাতক। তবে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।