পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন— উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের খলিল হাওলাদারের ছেলে মো: রিয়াজ হাওলাদার (৩০) ও চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামের মরহুম আহমেদ সরদারের ছেলে আলমগীর সরদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন কৃষক রিয়াজ। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
অন্যদিকে আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে গলাচিপা থানা পুলিশ।



