ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের উদ্যোগ জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড টাঙানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। দীর্ঘ নয় বছরেও মূল নির্মাণকাজ শুরু না হওয়ায় চরম অগ্নিঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন উপজেলার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
উপজেলা প্রতিষ্ঠার দীর্ঘ ৪২ বছর পার হলেও ব্রাহ্মণপাড়ায় এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন গড়ে ওঠেনি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ জানমাল ও সম্পদের ক্ষতি হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলায় ১৪টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আনুমানিক ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদর বাজারসহ সাহেবাবাদ, মালাপাড়া, চান্দলা, শিদলাই ও শশীদলসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাট-বাজার, বসতবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো অগ্নিঝুঁকিতে রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় খোলামেলাভাবে বোতলে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করায় অগ্নিকাণ্ডের আশঙ্কা আরো বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজলা কোথাও আগুন লাগলে খবর দিতে হয় পাশের বুড়িচং, কসবা কিংবা কুমিল্লা জেলা শহরের ফায়ার সার্ভিস ইউনিটে। দূরবর্তী স্থান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় আগুনে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তা না পাওয়ায় জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। ব্যবসায়ীরা সবসময় অগ্নিকাণ্ডের আতঙ্কে থাকেন। দ্রুত ব্রাহ্মণপাড়ায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তিনি।
জানা গেছে, প্রায় নয় বছর আগে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ উপজেলার সাহেবাবাদ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করে সেখানে সাইনবোর্ড স্থাপন করে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজ শুরু হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
এ বিষয়ে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইকবাল হোসেন বলেন, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শুরু করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, ‘জনদুর্ভোগ কমাতে ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।’
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত স্টেশনটি স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ শুরু করা হোক। একটি কার্যকর ফায়ার সার্ভিস স্টেশন চালু হলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি উপজেলার লাখো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করছেন তারা।



