মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মোফাজ্জল (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া গ্রামের মরহুম আকরাম শরীফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের জনৈক এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন অভিযুক্ত মোফাজ্জল ও ভুক্তভোগী কিশোরী। এই সুবাদে ১৪ বছর বয়সী ওই কিশোরীর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। এই সুসম্পর্কের সুযোগ নিয়ে মোফাজ্জল বিভিন্ন সময়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এর একপর্যায়ে ১৮ মে রাত ৩টার দিকে মোফাজ্জল যখন ওই কিশোরীকে ধর্ষণ করছিলেন, তখন ভিকটিমের বাবা-মা বিষয়টি দেখে ফেলেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত মোফাজ্জল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার (৩০ মে) রাতে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোফাজ্জলকে ওই এলাকা থেকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জলের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।



