নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গণেশ চন্দ্র সরকার (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও শামসু শেখ (৫৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক গুরুতরভাবে আহত হয়েছেন।
সোমবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার হোগলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গণেশ ওই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে। আহত সামসু উপজেলার জামিয়াকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্শার সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে উভয় চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। আর শামসু শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন নয়া দিগন্তকে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



