পাবনায় ধর্ষণচেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

বৃহস্পতিবার (১১ জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শুক্রবার (১২ জুন) শিক্ষার্থীর মা আবুল কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
গ্রেফতার ধর্ষণচেষ্টা মামলার আসামি যুবদল নেতা আবুল কাশেম
গ্রেফতার ধর্ষণচেষ্টা মামলার আসামি যুবদল নেতা আবুল কাশেম |নয়া দিগন্ত

পাবনার আতাইকুলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আতাইকুলা থানা পুলিশের টিম।

গ্রেফতার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মরহুম নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা গতকাল রোববার (১৪ জুন) সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শুক্রবার (১২ জুন) শিক্ষার্থীর মা আবুল কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেফতারের দাবিতে গতকাল রোববার অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও আবুল কাশেমকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।