রাজশাহীতে পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঘটনাস্থলের একটি বৈদ্যুতিক খুঁটির উপর ঘুঘু পাখির বাসা ছিল। সেখান থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার চেষ্টা করছিল সাজ্জাদ। একপর্যায়ে সে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
কিশোর সাজ্জাদের লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
কিশোর সাজ্জাদের লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

রাজশাহীতে ঘুঘু পাখির বাচ্চা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। পরিবারটি বর্তমানে রাজশাহী নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনে ভাড়া বাসায় বসবাস করছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের একটি বৈদ্যুতিক খুঁটির উপর ঘুঘু পাখির বাসা ছিল। সেখান থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার চেষ্টা করছিল সাজ্জাদ। একপর্যায়ে সে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর পাশের একটি বাড়ির টিনের ছাদ ও বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঝুলে থাকে।

রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বেলা পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় সংযোগ বিচ্ছিন্ন করে সাজ্জাদকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।