নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে আল-মামুন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-মামুন ওই গ্রামের আল-আমিনের ছেলে। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল।
জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বৃষ্টির মধ্যে মামুন গরুর জন্য ঘাস আনার জন্য বাড়ির সামনে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম নয়া দিগন্তকে বলেন, যথাযথ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া লাশের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসকের তহবিল থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।



