সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয় সিলেটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ জুন) অনুষ্ঠিত র্যালিতে বিভাগীয় স্বাস্থ্য অফিস, সিভিল সার্জন ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে চৌহাট্টা পয়েন্ট হয়ে আবার সিভিল সার্জন কার্যালয়ে ফেরত আসে।
র্যালিতে অংশ নেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ইয়াসির আরাফাত, ডা: স্বপ্নীল সৌরভ রায়, ডা: ভাস্কর ভট্টাচার্য, সুজন বনিক, মো: নজরুল ইসলাম, কীটতত্ত্ববিদ ডা: শেখর পাল প্রমুখ।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনামূলক বাণী সম্বলিত ফেস্টুন সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয়।
র্যালি শেষে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সাংবাদিকদের জানান, সিলেট বিভাগে ডেঙ্গুর সার্বিক অবস্থা ভালো এবং ভবিষ্যতে এ অবস্থা ধরে রাখতে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে হবে।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী চলনান হাম পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডেঙ্গুর পাশাপাশি হাম নিয়ন্ত্রণে জনসচেতনতা ও বিশেষ টিকাদানের ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে চিকিৎসা ব্যয় কমিয়ে আনার জন্য প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত র্যালিতে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।



