মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষে কালু (২২) নামে চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিঅংক বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু ইলিশ পরিবহনের একটি বাসের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লৌহজং উপজেলার ঢুলুগাঁও এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ উত্তেজিত জনতা ঘটনাস্থলে একটি বাসে ভাঙচুর চালায়। পরে লৌহজং থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক ইলিশ পরিবহনের বাসের চালক লিটন শেখকে (৪৫) আটক করেছে পুলিশ।
আটক বাসচালক লিটন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা।
রাতে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, বিকেলে মাওয়া-লৌহজং-বাঁলিগাও সড়কের উপজেলার মালিঅংক বাজার এলাকায় ইলিশ পরিবহনের দু’টি বাসের সংঘর্ষ হয়। এতে কালু নামে এক বাসচালকের সহকারী নিহত হন। এ ঘটনায় ঘাতক বাসের চালক লিটন শেখকে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



