ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সিলেটের ‘শীর্ষ ছিনতাইকারী’ রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কাষ্টঘর এলাকা থেকে একটি চাকুসহ তাকে আটক করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর কাষ্টঘর এলাকায় বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবি সিআরটি স্পেশাল টিমের যৌথ অভিযানে পুলিশের তালিকাভুক্ত অন্যতম ‘শীর্ষ ছিনতাইকারী’ রাজীব উরফে মাছচোরা রাজীবকে গ্রেফতার করা হয়। রাজীব কোতোয়ালি মডেল থানার একটি পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা, দু’টি দস্যুতা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ পাঁচটির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে রাজীব দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করছিল। গ্রেফতারের আগেও সে নিজেকে আড়াল করতে ‘সন্ন্যাসী’র ছদ্মবেশ ধারণ করেছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, বিভিন্ন অপরাধে জড়িত রাজীবকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



