সিলেটে জুলাইয়ে সড়কে প্রাণ গেল ৩১ জনের

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা ও নিহতের সংখ্যা দুটোই বেড়েছে। গত জুলাই মাসে বিভাগের চার জেলায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জুলাইয়ে সড়কে প্রাণ গেল ৩১ জনের
সিলেটে জুলাইয়ে সড়কে প্রাণ গেল ৩১ জনের |নয়া দিগন্ত

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা ও নিহতের সংখ্যা দুটোই বেড়েছে। গত জুলাই মাসে বিভাগের চার জেলায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এদিকে নিসচার ৭ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের সাত মাসে বিভাগের চার জেলায় ২০৯ জন নিহত হয়েছেন। এ সময়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০৪টি। দুর্ঘটনাগুলোতে আহত হয়েছেন ৩৬১ জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

নিসচার তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মে মাসে। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হন। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে জুলাইয়ে—২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।

জুলাইয়ে দুর্ঘটনা কমলেও মৃত্যু ও আহত বেড়েছে

জুনে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন। জুলাইয়ে দুর্ঘটনার সংখ্যা এক কমে ২৮টিতে নামলেও নিহতের সংখ্যা বেড়েছে দুজন। একই সাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

জুলাইয়ে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু। নিহতদের মধ্যে ১৩ জনই ছিলেন মোটরসাইকেলের চালক বা আরোহী।

নিসচার মাসভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হন। মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হন। এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হন। মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানি সবচেয়ে বেশি ছিল। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হন। জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হন। জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

সিলেটে সবচেয়ে বেশি, হবিগঞ্জে আহত বেশি

গত জুলাই মাসে চার জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে সিলেট জেলায়। সেখানে ১৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত, মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত এবং হবিগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

অর্থাৎ, জুলাইয়ে নিহতের দিক থেকে সিলেট জেলা এগিয়ে থাকলেও আহতের সংখ্যায় সবচেয়ে বেশি হবিগঞ্জ। জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জনের মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক বা আরোহী। অর্থাৎ, ওই মাসে মোট নিহতের প্রায় ৪২ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

নিসচার প্রতিবেদনে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটিকেও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৭ মাসে আহত ৩৬১

সাত মাসের হিসাবেও আহতের সংখ্যা উদ্বেগজনক। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৩৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ১৪৪ জন আহত হন। জুলাইয়ে আহত হয়েছেন ৭৫ জন।

নিসচা সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম, জাতীয় দৈনিক এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সড়কে মৃত্যু রোধে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো বন্ধ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্য করা এবং সড়কের ত্রুটি দ্রুত সংস্কার করা জরুরি।