ময়মনসিংহের গফরগাঁওয়ে প্র্যাডো গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক মো: সালাহউদ্দিন (৩৫) নিহত হয়েছেন।
রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সিএনজি চালকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সিএনজিচালক সালাহউদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলীর চামড়াঘাট এলাকায়। তিনি ভালুকায় মুচাভিটা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। হোসেনপুর-গফরগাঁও-ভালুকা সড়কে সিএনজি চালাতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ শেষে পরিবারসহ যাত্রী নিয়ে ভালুকার বাসায় যাওয়ার উদ্দেশে হোসেনপুর থেকে রওনা হয়েছিলেন চালক সালাহউদ্দিন। পথে গফরগাঁওয়ের পাঁচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্র্যাডো গাড়ির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ যাওয়ার পথে চালক সালাহউদ্দিন মারা যান। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্র্যাডো গাড়ি জব্দসহ সিএনজি থানায় নিয়ে যায়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ঈশা খান জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্র্যাডো গাড়িটি জব্দসহ সিএনজি থানা হেফাজতে রয়েছে। গাড়িচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



