বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে দু’দিন নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) এলাকার দীঘিরপাড়ে তার লাশ পাওয়া যায়।
তৌহিদ মিয়া ওই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তৌহিদ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে দিঘীরপাড় এলাকায় পাটক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।’



