সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত হেলপার

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে খাদে উল্টে পড়া কাভার্ডভ্যান
সোনারগাঁওয়ে খাদে উল্টে পড়া কাভার্ডভ্যান |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সয়াবিন তেলবাহী একটি কাভার্ডভ্যান চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বাবলু মিয়া (৫০) নিহত হন এবং হেলপার আহত হন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রামকৃষ্ণবাড়ী এলাকার বাসিন্দা। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মায়ের দোয়া ট্রান্সপোর্ট’ নামের কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে সয়াবিন তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হঠাৎ চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং উল্টে খাদে পড়ে যায়। এতে দু’টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাবুলের ভাতিজা মো: শাকিল জানান, তার চাচা বাবুল কাভার্ডভ্যান চালাতেন। চট্টগ্রাম থেকে রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে সোনারগাঁ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি জানতে পারেন, তার চাচা ঘটনাস্থলেই মারা গেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।