সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টার দিকে সোনারগাঁও পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। সোনারগাঁও রানার্স নামে একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে শুক্রবার এ ম্যারাথনের আয়োজন করে।
টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মরহুম রাজ্জাক মিয়ার ছেলে। তিনি সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকার ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী।
জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁও পৌরসভার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটার দৌড় শুরু করে অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় এলে টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে দ্রুত মেডিক্যাল টিমের সহায়তায় সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬ এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, ‘সোনারগাঁওয়ে সারাদেশ থেকে আগত ৬০০ দৌড়বিদের মধ্যে টিপু সুলতানও আমাদের একজন দৌড়বিদ ছিলেন। আমরা তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
তার মৃত্যুতে সোনারগাঁও রান এর ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটি শোক প্রকাশ করেন।


