কক্সবাজার থেকে ঢাকায় পথে ইয়াবা জব্দ

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন ‘ধারণা করছি, আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আটক মাদককারবারি বাবু মোল্লা
আটক মাদককারবারি বাবু মোল্লা |নয়া দিগন্ত

কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে ঢাকা নেয়ার পথে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি চার লাখ ৯০ হাজার টাকা। এ সময় পাচারের সাথে জড়িত মাদককারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে।

রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটক বাবু চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মরহুম শফি মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে প্রাইভেটকারটি ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন গোপন খবর পেয়ে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় গাড়ির গতিরোধ করার জন্য বলা হলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির পেছনের বেকডালারের নিচে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে ভেতরে ইয়াবা পাওয়া যায়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকি। একটি প্রাইভেটকার দাঁড় করিয়ে পেছনের বেকডালারের ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। সাতটি প্যাকেটে ৬৭ হাজার ৬৮০ পিস ও আরো ৬২০ পিস ভাঙ্গা ইয়াবাসহ ৬৮ হাজর ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ি চালক বাবুকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করছি আটক বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’