ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় মহাসড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলের যায়। দুপুর ১টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী শুভ বসুন্ধরা পরিবহন এবং ঢাকা থেকে সাতক্ষীরাগামী এইচআর ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা তিনজন আহত অবস্থায় পেয়েছি। আমরা যাওয়ার আগে আরো আহত থাকতে পারে। এছাড়া একটি বাসে আগুন লেগে গেলে অগ্নিনির্বাপক দ্বারা আগুন নিয়ন্ত্রণ আনি। উদ্ধারকাজ শেষে বেলা ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়ার পর যানবাহন স্বাভাবিক চলাচল করেছে।



