সাভারে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

দুই মাস ধরে বাসাবাড়িতে গ্যাস নিয়মিত পাচ্ছি না। যার ফলে আমরা রান্না করতে পারছি না। হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। কিন্তু এরপরেও আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছি।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ
নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভার পৌরসভার শিমুলতলা এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

রোববার (১৯ ) দুপুরে সাভার পৌর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, ২০১৭ সাল থেকে আমরা মাঝে মধ্যে সামান্য পরিমাণ গ্যাস পেলেও গত দুই মাস ধরে বাসাবাড়িতে গ্যাস নিয়মিত পাচ্ছি না। যার ফলে আমরা রান্না করতে পারছি না। স্কুল-কলেজ পড়ুয়া আমাদের ছেলে-মেয়েদের রান্না করে ঠিক মতো খাওয়াতে পারছি না। হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এছাড়াও লাকড়ি ও ইলেকট্রিক চুলায় বিকল্প হিসেবে রান্না করতে হচ্ছে। কিন্তু এরপরেও আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছি।

গ্রাহক সেন্টু মিয়া অভিযোগ করে বলেন, গ্যাস অফিস থেকে আমাদের বলাও হচ্ছে না যে, যেহেতু গ্যাস ব্যবহার করতে পারছি না, বিল দিতে হবে না। কিন্তু আমরা নিয়মিত বিলও পরিশোধ করছি। এ দুদর্শা থেকে আমরা মুক্তি চাই।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, গ্যাস অফিসটাই একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এজন্য আমরা আজ নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছি। সাভারে গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চোরাই লাইন দেয়া হচ্ছে। চোরাই লাইন বন্ধ করতে গ্যাস অফিসের কোনো উদ্যোগ নেই। মাঝে মধ্যে অভিযান চালালেও পরক্ষণেই আবার লাইন চালু হয়ে যায়। অথচ আমরা বৈধভাবে গ্যাস লাইন নিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছি না।

এ সময় গ্রাহকরা তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম ডি সাখাওয়াত হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং তিন দিনের মধ্যে নিরবিচ্ছিন্ন গ্যাস প্রদানের সময়সীমা বেধে দেন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম ডি সাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাব এবং শিগগিরই সমস্যা সমাধানের চেষ্টা করব।

গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার চোরাই গ্যাস লাইন দেয়ার প্রসঙ্গে তিনি জানান, গ্যাস অফিসের অসাধু কর্মকর্তাদের নাম নিদিষ্ট করে বললে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।