কক্সবাজারে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Cox's Bazar
ইয়াবাসহ আটক হেলাল মিয়া
ইয়াবাসহ আটক হেলাল মিয়া |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো: সোলেমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ১৯টা ৩০ মিনিটে দুই সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার প্রাক্কালে টহলদল ধাওয়া করে হেলাল মিয়াকে (২৫) আটক করতে সক্ষম হয়। পরে বিজিবির টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে দুইটি পোটলার মধ্যে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫ কাট থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।