চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় পিকআপের চালককে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দর্শনা মদনা এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তিনি আলুকদিয়ার আকন্দবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটক চালক সুহান আলী (২২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হাওয়া বেগম ভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে পিকআপভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে ও চালক সুহানকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো: মারুফ রহমান জানান, চালককে আটক করা হয়েছে ও নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।



