মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হিফজ বিভাগের ৯ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে শহরতলীর সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজ শহরতলীর সুনগইড় এলাকার রফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শিশুটিকে প্রায় এক মাস ধরে ওই শিক্ষক যৌন নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের নির্যাতনে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে শিশুটিকে মারধর করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে শিশুটির অভিভাবক শ্রীমঙ্গল থানায় বিষয়টি জানালে পুলিশ দ্রুত মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটির শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির এক নিকট আত্মীয় অভিযোগ করে বলেন, ওই শিক্ষক শিশুটির ওপর একাধিকবার যৌন নির্যাতন করেছেন। এ ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এদিকে, অভিযুক্ত শিক্ষককে আটকের পর ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা এবং বিষয়টি ভিন্ন খাতে নেয়ার অভিযোগ উঠেছে মাদরাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বিদেশে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



