নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার বার্মিজ ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বিজিবি |সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী কাজু বাদাম বাগান নামক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৯০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।

সোমবার (২২ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়জুল কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ৪৭/৩-এস-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ‘কাজু বাদাম বাগান’ এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারীরা তাদের বহনকৃত ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’