মেহেরপুরে তরুণীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে মা-বাবাও জখম

মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি নামের এক তরুণীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে সায়ন নামের এক যুবক; বাঁচাতে গিয়ে জখম মা-বাবা।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
মেহেরপুর জেলার ম্যাপ
মেহেরপুর জেলার ম্যাপ |সংগৃহীত

মেহেরপুর শহরে গভীর রাতে বসতবাড়িতে ঢুকে স্মৃতি আক্তার (২২) নামের এক তরুণীর ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তরুণীর মা ও বাবাকেও কুপিয়ে জখম করা হয়।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মানিক টাওয়ারের সামনের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্মৃতি আক্তারের বাবা সেলিম হোসেন (৫০) ‍ইলেকট্রনিক্স ব্যবসায়ী। এছাড়া আহত হয়েছেন স্মৃতির মা রেবেকা সুলতানা কামনা (৪২)।

অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়ন গতরাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার মেয়ে স্মৃতি আক্তারের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা-বাবা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।