রাজশাহীতে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা

রাজশাহীর চারঘাট উপজেলায় এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) তিনজনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
চারঘাট মডেল থানা, রাজশাহী
চারঘাট মডেল থানা, রাজশাহী |নয়া দিগন্ত

রাজশাহীর চারঘাট উপজেলায় এক তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বুধবার (২২ জুলাই) তিনজনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী গ্রামের ওই তরুণী মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এসময় পথরোধ করে পাশের একটি পাটক্ষেতে ওই তরুণীকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী বাড়িতে গিয়ে তার মাকে জানায় শ্রীখণ্ডী গ্রামের লিমন ইসলাম (২২), শিটু আলম (১৮) ও শিবা রহমান (১৬) তাকে ধর্ষণ করেছে। বুধবার সকালে ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা এবং চারঘাট মডেল থানায় তিনজনের নামে মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই তরুণীর কিছুদিন আগেই বিয়ে সম্পন্ন হয়েছে। তার স্বামী রাজধানী ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। তাই ওই তরুণী মা-বাবার সাথে তাদের বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে বুধবার দুপুরে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, মামলা হওয়ার পর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।