সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ সিলেট ও সুনামগঞ্জের ৪ প্রবাসী নিহত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ সিলেট ও সুনামগঞ্জের চার প্রবাসী নিহত হয়েছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সৌদি আরবে দুর্ঘটনাকবলিত গাড়ি এবং (ইনসেটে) নিহত সিলেটের দুই ভাই
সৌদি আরবে দুর্ঘটনাকবলিত গাড়ি এবং (ইনসেটে) নিহত সিলেটের দুই ভাই |নয়া দিগন্ত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরগামী গাড়ি দুর্ঘটনায় পড়ে দুই ভাইসহ চার প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন সিলেট ও অপর দুইজন সুনামগঞ্জ জেলার।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ আল-খুরমা এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেটের নিহতরা হলেন- করিম উদ্দিন ও খালেদ মিয়া। তারা জেলার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রামের লামার তালুক এলাকার বাসিন্দা। তাই দুই ভাই বলে জানা গেছে। আর বাকি দুইজনের বাড়ি সুনামগঞ্জ জেলায় জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দেশে আসার জন্য সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দায় যাওয়ার পথে বিমানবন্দরগামী এ প্রবাসীদের বহনকারী একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা চালকসহ পাঁচজন নিহত হন।

এদিকে, নিহত চারজনের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।

তিনি বলেন, ‘কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করে নিহতদের লাশ দেশের আনার প্রক্রিয়া চলছে।’

তবে কাগজপত্রসহ সার্বিক প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।