তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারধরের ঘটনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাজান এলাকায় সিটি ইউনিভার্সিটির সামনের সংযোগ সড়কটি অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দুই পাশের ব্যস্ততম সড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে।
এ ঘটনায় সিটি ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টের সাকিব নামে এক শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক জখম হয়। পরে দুই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সমাধান করলে যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, নারীঘটিত ও পূর্বের দুই ইউনিভার্সিটির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সিটি ইউনিভার্সিটির এক ছাত্রকে পিটিয়ে আহত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র। এ ঘটনা শুনে সিটি ইউনিভার্সিটি থেকে আরো বেশ কয়েকজন ছাত্র প্রতিবাদ করতে গেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কতিপয় ছাত্ররা তাদেরকেও মারধর করে।
পরে খবর পেয়ে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা বিচারের দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি ভার্সিটির সামনে আক্রান চারাবাগ আশুলিয়া সড়কের খাগান এলাকা অবরোধ করে রাখে। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি উপযুক্ত বিচারের আশ্বাস দিলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, পূর্বের মীমাংসিত দুই ইউনিভার্সিটির ঘটনা এবং নারীঘটিত একটি ঘটনায় নিজেদের জাহির করতে গিয়ে ঘটনাটি ঘটে।
রোববার রাতে সাভার মডেল থানা ও বিরুলিয়া ফাড়ি ইনচার্জ এসআই আল-আমিন সড়ক অবরোধ এবং ঘটনার সত্যতা নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।



