নোয়াখালীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করত। ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছিল। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজ মামা আইয়ুব দেশে ফেরে। বুধবার (৩ জুন) বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারীর বাড়িতে মামার সাথে দেখা করতে যায়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী
বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবেরের ছেলে।

সাদ্দামের মামা মো: ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করত। ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছিল। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজ মামা আইয়ুব দেশে ফেরে। বুধবার (৩ জুন) বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারীর বাড়িতে মামার সাথে দেখা করতে যায়।

রাত ৯টার দিকে সাদ্দাম সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু সাদ্দাম বাড়িতে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে খালে একটি লাশ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশটি সাদ্দামের বলে শনাক্ত করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইলফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি।