নড়াইলের লোহাগড়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিসকান সরদার (৩৬) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিসকান ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা ছাড়াও ছয়জনকে কুপিয়ে আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে।
মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মিসকানের মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’



