এ এস এম রাজু আলীমকে সভাপতি ও আলমগীর হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করে গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন করা হয়েছে। নিউইর্য়কে বসবাসরত পাবনাবাসী এই দুইজনের প্রতি আস্থা রেখেছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনা জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ। পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
পাবনা থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করা, নতুন প্রজন্মের কাছে পাবনার ঐতিহ্য তুলে ধরা এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো—সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও উদ্যোগের মাধ্যমে প্রবাসী পাবনাবাসীদের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি পাচ্ছে।
গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএর সভাপতি রাজু আলিম বলেন, ‘পাবনা আমাদের শিকড়। আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আমাদের সবার মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা পাবনাবাসীর জন্য একটি সুন্দর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।’
তিনি আরো বলেন, ‘প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে পাবনার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করানো এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করা আমাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বেপারী বলেন, ‘গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ শুধু একটি সংগঠন নয়; এটি প্রবাসী পাবনাবাসীর পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসার একটি সেতুবন্ধন। আমরা চাই, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত পাবনাবাসীকে একটি প্ল্যাটফর্মের আওতায় এনে সবাইকে নিয়ে এগিয়ে যেতে।’
তিনি বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে আমাদের সম্পৃক্ততা বাড়ানো হবে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসী কমিউনিটির মধ্যে সহযোগিতার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।’
প্রবাসে পাবনাবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মক্ষেত্র, ব্যবসা, শিক্ষা ও বিভিন্ন পেশায় তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন বাস্তবতায় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন প্রবাসী পাবনাবাসীর পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর নেতৃত্বের প্রত্যাশা, সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরো কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। পাবনার ঐতিহ্যকে ধারণ করে প্রবাসে একটি সুসংগঠিত ও সৌহার্দ্যপূর্ণ পাবনা কমিউনিটি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর অন্য নেতৃত্ব হলো— সহ-সভাপতি কুতুব উদ্দিন আইবেক ও হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ফুলন, সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম, মহিলা সম্পাদিকা আসমা খাতুন রুমা, সহ সম্পাদিকা বিথিকা, ক্রীড়া সম্পাদক আলতাব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, প্রচার সম্পাদক কামরুজ্জামান, উপদেষ্টাবৃন্দ সিরাজুল ইসলাম, ফজলুল হক খান, সাজ্জাদ প্রামাণিক বাচ্চু ও ডা: খোকন।



