কসবায় আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

Location :

Kasba
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন |নয়া দিগন্ত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে তার বাবা আলমগীর হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শনিবার (৬ জুন) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তার বাবাকেও গ্রেফতার করে কসবা থানা পুলিশ। প্রধান আসামিকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে।

এর আগে, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘মামলা দায়েরের অল্প সময়ের মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে কসবায় আনার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’