সাভারে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নির্মাণশ্রমিকের রহস্যজনক মৃত্যু

আজ কেউ কাজে যায়নি। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কাজ করতেন। তাই সে আজকে কাজে গিয়েছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় সবুরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
লিফটের ফাঁকা জায়গায় পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
লিফটের ফাঁকা জায়গায় পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু |প্রতীকী ছবি

সাভারে সাততলা লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার সুব্রত সাহার আটতলা ভবনের সাততলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করতেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, আজ কেউ কাজে যায়নি। তবে সবুরা ওই বাড়িতে মালিকের কাজ করতেন। তাই সে আজকে কাজে গিয়েছিল। কিন্তু হঠাৎ সন্ধ্যার দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় সবুরাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রফিক জানান, সুব্রত নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে কাজ করতো তার স্ত্রী সবুরা। প্রতিদিনের মতো আজও সকালে ওই বাড়িতে কাজ করতে যান তিনি। পরে দুপুরে বাসায় খেতে আসে এবং আবার ওই বাসায় কাজ করতে যায়। সন্ধ্যায় এক শ্রমিক ফোন দিয়ে তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা গেছে বলে জানান।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করে জানা যায়, লিফট লাগার জন্য মালিক জায়গা রেখেছিল। সেই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।