শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২ হাজার ৫শ’ মামলা চলমান রয়েছে। এ মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। এসব মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সাথে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি করা যায়।’
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের প্রাইমারি স্কুলগুলোতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের এ পদ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় এ ব্যাপারে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। দ্রুত এর সমস্যা সমাধান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জুলাই মাস থেকে পাইলট প্রকল্পের আওতায় সাড়ে চার লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুলের জুতা বিনামূল্যে দেয়া হবে। জুলাইয়ের পর থেকে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এ প্রকল্পের আওতায় আনা হবে এবং সমগ্র বাংলাদেশে প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করা হবে। আমরা চাই শিশুদের আনন্দময় শিক্ষা। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে জিপিএ পাঁচ পাওয়া নয়। সবাইকে আনন্দের সাথে প্রকৃত শিক্ষা অর্জণ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের শতবর্ষী সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে ক্রমান্বয়ে সরকারিকরণের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে ও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমার ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বাবু অমল পোদ্দার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস সিক্স থেকে সরকার কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছে। প্রতিটি স্কুল ও কলেজকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে যাতে করে দেওয়া মন্ত্রণালয়ে বসে শিক্ষা কার্যক্রম মনিটরিং করা যায়। ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের আওতায় সকল শিক্ষককে একটি করে ট্যাব দেয়া হবে। এই ট্যাবের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সকল কিছুর সাথে শিক্ষক অনলাইনে যুক্ত থাকবেন এবং শিক্ষকের সকল কার্যক্রম মন্ত্রণালয় সরাসরি পর্যবেক্ষণ করবেন। এছাড়া একটি শিশু একটি গাছ লাগাবে এ কার্যক্রমও শুরু করা হচ্ছে।
আগামী জানুয়ারি মাসে শিক্ষার্থীরা যে নতুন বই হাতে পাবে এগুলো অনেক পরিমার্জন ও সংশোধন করে ছাপানো হয়েছে। খেলাধুলা ও প্রযুক্তিকে প্রাধান্য দেয়া হয়েছে। আগামী ২০২৮ সালের যে বই ছাপানো হবে সেগুলো আরো অনেক বেশি পরিবর্তিত হয়ে আসবে।
মন্ত্রী বলেন, প্রতিটি স্কুলে সোলার প্যানেল স্থাপন করা হবে ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, বিএনপি সরকার সর্বপ্রথম মেয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছিলেন সরকার ছেলে শিক্ষার্থীদেরকেও উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে ক্রমান্বয়ে এটি বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, সকল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির মাধ্যমে সম্পন্ন করা হবে। শিক্ষকদের ৫০% উৎসব ভাতা কে ১০০% করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, সেশনজট কমানোর জন্য ইতি মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি কমিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষায় অংশ নিতে পারে এবং কোন সময় অপচয় না হয় সে ব্যাপারে কাজ করছে সরকার।
মন্ত্রী আরো বলেন, আমরা ক্ষমতা গ্রহণের পর দেখেছি শিক্ষকদের অবসর ভাতাসহ বিভিন্ন ভাতা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগ সরকার। ২০২২ সালে তারা অবসর ভাতা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল আমরা জুলাইয়ের শেষের দিকে শিক্ষকদেরকে আবারো এ ভাতা দেয়ার ব্যবস্থা করছি অন্তত প্রত্যেককে ১ লাখ টাকা করে দিয়ে এ কার্যক্রম চালু করা হবে ক্রমান্বয়ে শিক্ষকদের সকল দেনা পরিশোধ করা হবে।
মন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বাজেট অনেক বেশি বাড়িয়েছেন আওয়ামী লীগ সরকার ৭৮ কোটি টাকার উপরে শিক্ষা খাতে বরাদ্দ রাখেনি সেখানে তারেক রহমান শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন এক লাখ ৩৬ হাজার কোটি টাকা।
তিনি বলেন, সেরা শিক্ষক সেরা শিক্ষিকা সেরা ছাত্র ছাত্রী পুরস্কার দেয়া হয়ে থাকে আমরা আগামীতে সেরা শিক্ষানুরাগী পুরস্কার চালু করব।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে গ্রামে গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে তাছাড়া অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে অনুদান দিতে হবে যাতে করে শিক্ষিত জাতি গড়ে উঠতে পারে।
তিনি সোনারগাঁওয়ে একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দেন এবং অচিরেই এই স্কুলের কাজ শুরু করবেন বলে জানান।
পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, পর্যাপ্ত জমির ব্যবস্থা করে দিলে সোনারগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শিল্পপতি বাবু অমল পোদ্দার নিজ অর্থায়ণ ও পৃষ্ঠপোষকতায় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়।



