রায়পুরায় বিলে ডুবে দুই শিশুর মৃত্যু

মারা যাওয়া শিশুরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। লামিয়া স্থানীয় একটি মাদরাসার এবং জান্নাতি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Narsingdi

নরসিংদীর রায়পুরায় বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়ে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। লামিয়া স্থানীয় একটি মাদরাসার এবং জান্নাতি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সাথে বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে লামিয়া। পরে সে জান্নাতির সাথে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

জান্নাতির দাদা আবুল কালাম বলেন, দুই শিশু একসাথে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মৃত্যু হয়েছিল।