সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে। তবে একই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দু’জনের।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত নয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৯২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৬১, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ১২৬ এবং মৌলভীবাজারে ২৯ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাসের (৪৫) ডেঙ্গুতে মৃত্যু হয়। এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।



