গরুবাহী ট্রাকে বাসের ধাক্কা

কালিয়াকৈরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৩

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

Location :

Gazipur
পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন এবং হাসপাতাল থেকে আরো একজনের লাশ উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন এবং হাসপাতাল থেকে আরো একজনের লাশ উদ্ধার করে। |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবোঝাই ট্রাকের সাথে শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষের নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শনিবার(১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে থাকা গরুবাহী ট্রাকটিকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও নাওজোড় হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

এ সময় উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করে। এছাড়া আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক আলমগীর হোসেন (৩০), তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুর রশিদের ছেলে। হানিফ আলী (৪৩), তিনি একই উপজেলার খোরশেদ মিয়ার ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী। এছাড়া তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনায় ট্রাকে থাকা নয়টি গরুর মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাকি চারটি গরু জবাই করতে সক্ষম হন।

দুর্ঘটনার কারণে কিছুসময় মহাসড়কে যানজট ও ধীরগতির দেখা দেয়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত যান দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।