কক্সবাজারের ঈদগাঁওয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত প্রান্তিক ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা (হাইজিন) কিট ও ওয়াশ ফ্যাসিলেটর বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে এসব কিট বিতরণ করা হয়।
জালালাবাদ ইউপির চেয়ারম্যান আলমগীর তাজ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মং চিংনু মারমা।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, জালালাবাদ ইউপির প্রশাসনিক কর্মকর্তা মিল্টন বিশ্বাসসহ ইউপি সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মং চিংনু মারমা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক। স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।



