তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মজিদ গাজী (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা নতুন থানা (আজিজ কমপ্লেক্স) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মরহুম আব্দুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে আব্দুল মজিদ গাজী সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতা গ্রামের দিকে যাচ্ছিলেন। তিনি আজিজ কমপ্লেক্সের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।



