খুলনার পাইকগাছায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করতে গোপন বৈঠকের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে কয়েকজন ব্যক্তি সেখানে গোপনে বৈঠক করছিলেন। এমন খবরে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সাগর ও হাদীকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানান, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারা গোপনে বৈঠক করছিলেন। এমন খবরে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’



