কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় যাওয়ার পথে অসুস্থ হয়ে আবু তাহের মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
মৃত আবু তাহের উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম শরিফ (৩২) একজন মাদকাসক্ত। দীর্ঘদিন তিনি মা-বাবাসহ পরিবারের অন্যদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে তিনি নিজের বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
শনিবার সকালেও শরিফ বসতঘরে ঢুকে তার বৃদ্ধ বাবাকে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হলে আবু তাহেরের চিৎকারে প্রতিবেশীরা তাৎক্ষণিক এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার কিছুক্ষণ পরে আবু তাহের ছেলের বিরুদ্ধে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ দিতে থানার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চৌদ্দগ্রাম থানা গেইটের সামনের কম্পিউটার দোকান থেকে একটি অভিযোগপত্র কম্পোজ করে থানায় যাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন।
তাৎক্ষণিক থানার কয়েকজন পুলিশ সদস্য ও পথচারী তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে তার সাথে শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত একটি ইনহেলার পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘থানায় অভিযোগ দিতে এসে এক বৃদ্ধ থানা ফটকের সামনে পড়ে যাওয়ার খবর পেয়ে থানার পুলিশসহ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বৃদ্ধের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


