মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নদীপথের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের দাবি

দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। খেলার একপর্যায়ে অসাবধানবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
শিশুটিকে হাসপাতালে নেয়ার জন্য ট্রলারের অপেক্ষায় রয়েছেন তার স্বজন
শিশুটিকে হাসপাতালে নেয়ার জন্য ট্রলারের অপেক্ষায় রয়েছেন তার স্বজন |নয়া দিগন্ত

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে আদনান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদনান উত্তর মহিষেরচর এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। খেলার একপর্যায়ে অসাবধানবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে গিয়ে শিশুকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক আদনানকে উদ্ধার করে নদীপথে আড়িয়াল খাঁ নদে ট্রলার পার হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আরিফ সরদার বলেন, অত্র ইউনিয়নের কয়েক হাজার লোক প্রতিদিন এই একটি ট্রলারে পারাপার হয়ে শহরে আসেন। একবার পারাপারে প্রায় ৩০ মিনিট সময় চলে যায়। আদনান নামের শিশুটি সময়মতো চিকিৎসা পায়নি। যে কারণে নদীপথে ট্রলারেই তার মৃত্যু হয়। ইউনিয়নবাসীর প্রয়োজনে আড়িয়াল খাঁ নদে একটি সেতু নির্মাণ করা জরুরি।

নিহত আদনানের নানা নুরুল হক বলেন, আদনান পানিতে পরার কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করি আমরা। আজ যদি নদী পারাপারে ট্রলার না হয়ে সেতু হতো, তাহলে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হতো শিশুটিকে। কিন্তু ট্রলারেই সময় যায় আধা ঘণ্টা। ততক্ষণে মারা গিয়েছে আদনান। আমাদের জীবন বাঁচাতে সেতুটি করে দিন, দয়া করুন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।