রৌমারী সীমান্তে আবারো পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে ১০৬৫-১০৬৬ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম)

Location :

Rowmari

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তৃতীয় দফায় কয়েকজন ভারতীয় মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে।

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে ১০৬৫-১০৬৬ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওপারে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে নিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হলে বিষয়টি বিজিবির নজরে আসে। পরে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান জোরদার করে সম্ভাব্য পুশইন প্রতিরোধে সতর্ক অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএসএফের এ তৎপরতার প্রতিবাদ জানালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর আগে খেয়ারচর, ঝাউবাড়ি ও বাগবান্ধা সীমান্তেও অনুরূপ ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তে অতিরিক্ত নজরদারি জোরদার এবং কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান নিশ্চিত করা প্রয়োজন।