এক দশক পর গাজীপুরে টায়ার রিসাইক্লিং কারখানায় আগুন

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

তদন্ত শেষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তবে তাদের দ্রুত পদক্ষেপে প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণও তদন্ত শেষে জানা যাবে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

গাজীপুরে অবৈধ পোড়া মবিল ও টায়ার রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) দুপুরে মহানগরের পূবাইল কলেজগেট এলাকার ইকো টেক লিমিটেড (স্থানীয়দের কাছে রিফাইন অয়েল কারখানা হিসেবে পরিচিত) নামে প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এর আগে, ২০১৬ সালের জানুয়ারিতে একই প্রতিষ্ঠানে ভয়াবহ বয়লার বিস্ফোরণে একজন স্কুলশিক্ষিকাসহ ছয়জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছিলেন। পরে কারখানার নাম পরিবর্তন করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সাথে সাথে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার মো: শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

বিকেল ২টা ২২ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ২টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৩টা ৪০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, তদন্ত শেষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তবে তাদের দ্রুত পদক্ষেপে প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণও তদন্ত শেষে জানা যাবে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহিন আলম জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, কারখানাটি পরিত্যক্ত টায়ার ও ব্যবহৃত মবিল পুনঃপ্রক্রিয়াজাত করে জ্বালানি উৎপাদনের কাজ করত। অগ্নিকাণ্ডের সময় কারখানার দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, আবাসিক এলাকায় গড়ে ওঠা এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা দীর্ঘদিন ধরে স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে রয়েছে। শনিবারের আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে এই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় একজন স্কুলশিক্ষিকাসহ ছয়জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। পরে কারখানার নাম পরিবর্তন করা হয়।

সেই ঘটনার এক দশক পর আবারো একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা ঝুঁকি তৈরি করেছে।

স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ ও অবৈধ এ ধরনের শিল্পকারখানার কার্যক্রম দ্রুত বন্ধ করে মালিকপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।