দিনাজপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার ২, স্বর্ণালংকার উদ্ধার

এ ঘটনায় পরিদর্শক মুহাম্মদ আলমগীর ডিবি পুলিশের একটি দল নিয়ে ছায়াতদন্ত শুরু করে। ডিবির দলটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে (৩০) গ্রেফতার করা হয়।

Location :

Dinajpur
ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার এক আসামি
ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার এক আসামি |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলযোগে এস স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার মূল অভিযুক্তসহ দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ছিনতাই হওয়া সোনা রূপান্তর করে বানানো কয়েকটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২০ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন মির্জাপুর বিআরটিসি বাস ডিপো সংলগ্ন অর্পণা ছাত্রীনিবাসের মেইন গেইটের সামনে মোটরসাইকেলে এসে বেলী রানী (২২) নামের এক তরুণীর গতিরোধ করে দুর্বৃত্তরা। চক্রটি প্রকাশ্যে তরুণীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

পরে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও চিত্র ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়।

ঘটনার পর ভিকটিম বেলী রানী কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় পরিদর্শক মুহাম্মদ আলমগীর ডিবি পুলিশের একটি দল নিয়ে ছায়াতদন্ত শুরু করে। ডিবির দলটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে (৩০) গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার পিচ্চি সোহেলের দেয়া তথ্যের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে বিরামপুর থানা এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাইয়ের সহযোগী মো: রকিবুল ইসলাম রকিবকে (৩৩) গ্রেফতার করা হয় এবং ছিনতাই কারা স্বর্ণ দিয়ে নতুনভাবে তৈরি ছয়টি নাকফুল, দুইটি কানের দুল ও দুইটি কানের রিং উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য আসামি মো: মুন্নাকে (৪০) গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।