ক্ষমতার দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দফতর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকাশ্যে দুই বিএনপি নেতার মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ডিসি অফিসের দ্বিতীয় তলার বারান্দায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক ডিসির কক্ষ থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সেখানে প্রবেশ করতে গেলে দু’জন মুখোমুখি হন।
কথা কাটাকাটি থেকে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘বহিষ্কৃত’ ও ‘দালাল’ ইস্যুতে শুরু হয় কটূক্তি, যা দ্রুত হাতাহাতি ও চড়-থাপ্পড়ে রূপ নেয়। এক পর্যায়ে হাফেজ আজিজুল বারান্দায় থাকা ফুলের টব তুলে আঘাতের চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন দায়িত্বরত পুলিশ সদস্য মো: জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অফিস সহকারী জনি (৩০) আহত হন। তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত দুই নেতাই, যা পুরো ঘটনাকে আরো বিব্রতকর করে তুলেছে।
জেলা প্রশাসক মো: সাইফুর রহমান এ ঘটনায় অসন্তোষ জানিয়ে বলেন, ‘হঠাৎ এ ধরনের ঘটনা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। দায়িত্বশীলদের কাছ থেকে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়।’
এদিকে, বিএনপির স্থানীয় নেতারাও এ ঘটনায় অস্বস্তি প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



