সিসিক প্রশাসক

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাড়াতে হবে

অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত বেসিক কম্পিউটার কোর্সে অংশ নেয়া ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সম্মানীর চেক ও প্রশিক্ষণোত্তর সনদ তুলে দেন প্রধান অতিথি।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স |ছবি : নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই সমাজসেবা কার্যক্রম আরো সম্প্রসারিত হয়। এবারো সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। শুধু আর্থিক সহায়তা নয়, প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারে স্বচ্ছলতা আনতে সক্ষম হবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণোত্তর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের এ ধরনের প্রশিক্ষণের আওতায় আনার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুর রফিক। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতর ৫৪টি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮টি কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। হিজড়া জনগোষ্ঠী, চা-শ্রমিক পরিবারসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানরা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত বেসিক কম্পিউটার কোর্সে অংশ নেয়া ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সম্মানীর চেক ও প্রশিক্ষণোত্তর সনদ তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অধিদফতর পরিচালিত শিশু পরিবারের অধ্যক্ষ রফিকুল হক।

এর আগে একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেয়া হয়।